কলকাতায় দুটি শহীদ মিনার উদ্বোধন
পশ্চিমবঙ্গজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় দুটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপ-হাইকমিশন চত্বরে প্রথমটি এবং দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে দ্বিতীয় শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে। কলকাতা উপ-হাইকমিশনে নির্মিত শহীদ মিনার যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রকর মুর্তজা বশীর, শিল্পী হাশেম খান ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। এ সময় কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আঁদলে এটি নির্মাণ করে বাংলাদেশ উপহাইকমিশন। দেশপ্রিয় পার্কে নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি নির্মাণ করে কলকাতা পৌরসভা।গতকাল কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে শুরু হয়েছে ভাষা শহীদ দিবসের নানা কর্মসূচি। কলকাতার ভাষা ও চেতনা সমিতি ও নবজাগরণ যৌথভাবে দিনটি পালন করছে ভাষা উৎসব হিসেবে। উৎসবে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও মেঘালয় থেকে দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এসেছে নরওয়ে, সুইডেন ও ইংল্যান্ডের ছয় শিল্পীর একটি দলও। কলকাতা ও শান্তিনিকেতনে যথাযোগ্য মর্যাদায়, নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীরাও দিনটি পালন করছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গোটা রাজ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। রাজ্য সরকার ও পথের পাঁচালির যৌথ উদ্যোগে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, গান, নাচ ও আবৃত্তি অনুষ্ঠানের।