কলকাতায় নববর্ষ উৎসব কাল

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে কাল শনিবার উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪২৪। বাংলাদেশে নতুন দিনপঞ্জি চালু হওয়ার পর সেখানে কার্যত নববর্ষ উদযাপিত হয়ে আসছে কলকাতায় নববর্ষ উদযাপনের এক দিন আগেই। যদিও গত বছর একই দিনে দুদেশে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছিল। তবে আজ শুক্রবার বাংলাদেশের রীতি অনুযায়ী কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে দিনটি পালিত হয় সাড়ম্বরে।
সকালে প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে দিনটির সূচনা হয়। বিকেলে উপহাইকমিশনের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন মুখোশ, ব্যানার, ফেস্টুন ও চিরায়ত বাংলার নানা প্রতীক নিয়ে অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণির বাংলাদেশ গ্রন্থাগার থেকে শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা। শেষ হয় উপহাইকমিশনে। এতে যোগ দেন উপহাইকমিশনের কর্মকর্তাসহ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। এরপর বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে শুরু হয় বাংলা নববর্ষ উৎসবের।
উৎসবে অতিথিদের স্বাগত জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। অনুষ্ঠানে কলকাতায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপহাইকমিশন বাংলাদেশের নানান খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করে। উপহাইকমিশন চত্বরে আয়োজন করা হয় নাগরদোলার। ব্রিটিশ আমলের বায়োস্কোপও দেখানো হয় এখানে। বিকেল থেকে রাত অবধি চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা থেকে যোগ দেন ‘বাউল তরী’ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।