কলকাতায় নূর হোসেনের দুই সহযোগীর মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলেও কলকাতায় গ্রেপ্তার হওয়া তাঁর দুই সহযোগীর মামলা যথারীতি চলবে। আজ শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে এ তথ্য জানিয়েছেন।

নূর হোসেনের সঙ্গে কলকাতায় গ্রেপ্তার তাঁর দুই সহযোগী হলেন খান সুমন ও ওয়াহেদুজ্জামান সেলিম।

বিকাশ রঞ্জন দে আরও বলেছেন, নূর হোসেনের সঙ্গে তার দুই সহযোগীর মামলা একসঙ্গেই চলছিল। গত বছরের ১৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল বাগুইহাটি থানা-পুলিশ। বাংলাদেশ সরকারের অনুরোধে নূর হোসেনকে কলকাতার মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। তবে, তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা চলবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।
গত বছরের ১৪ জুন কলকাতার বাগুইহাটি থানার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছিল।