কলকাতায় বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদসহ বিশিষ্টজনেরা। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিটির অবস্থান বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের সামনে। বঙ্গবন্ধুর স্মৃতিবাহী এই কক্ষের সামনে তাঁর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কলকাতায় সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকালে কলকাতা উপহাইকমিশনে পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণীপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলকাতার বেকার হোস্টেল ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি ছাত্রাবাস। ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে স্নাতক শ্রেণিতে পড়ার সময় এই হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজের নাম এখন মওলানা আজাদ কলেজ। ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বেকার হোস্টেলের ২৪ নম্বরের সঙ্গে ২৩ নম্বর কক্ষটিকে যুক্ত করে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ওই বছরের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের উদ্বোধন করেন তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। স্মৃতিকক্ষটিতে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি সংরক্ষণ করা হয়েছে।