কলকাতায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন
গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ কলকাতায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন দিনটি পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি নেয়। কর্মসূচির মধ্যে ছিল বেকার হোস্টেলে
বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান, বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ, পশ্চিমবঙ্গের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাংলাদেশের সাংসদ মৃণাল কান্তি দাস, বাংলাদেশের সাবেক সচিব সি কিউ মুসতাক আহমেদ, কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জি পি সরকার, কলকাতার সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশ এবং কলকাতার কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪৫-৪৬ সালে। ছিলেন ২৪ নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের নাম বদলিয়ে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ।
১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। এই স্মৃতিকক্ষে এখনো রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। তত্কালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এ স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ১৯৯৮ সালের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তত্কালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী।