কলকাতায় বঙ্গবন্ধুর নামে ছাত্রাবাস
কলকাতার ঐতিহাসিক মাওলানা আজাদ কলেজের একটি ছাত্রাবাসের বর্ধিত ভবনের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বেকার হোস্টেল নামের ওই ছাত্রাবাসে থেকে একসময় বঙ্গবন্ধু পড়াশোনা করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নামকরণের এই সিদ্ধান্ত নিয়েছে।২৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বর্ধিত এই ছাত্রাবাসের উদ্বোধন করবেন। এতে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম উপস্থিত থাকবেন। এদিন বেকার হোস্টেলের যে কক্ষে বঙ্গবন্ধু থাকতেন, সেই কক্ষের সামনে বঙ্গবন্ধুর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে। এ ছাড়া বেকার হোস্টেলের একটি কক্ষে বঙ্গবন্ধু সংগ্রহশালার উদ্বোধন করবেন দীপু মনি।কলকাতায় স্নাতক পড়ার সময় ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু বেকার হোস্টেলের আবাসিক ছাত্র ছিলেন।