কলকাতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৩৯তম বার্ষিকীতে গতকাল শুক্রবার কলকাতায় তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা জানায়।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম গতকাল সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। একই সঙ্গে কক্ষটির সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতেও মাল্যদান করা হয়। কলকাতায় সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশ এবং কলকাতার কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে বিশেষ মোনাজাত করা হয়।
দিনটি উপলক্ষে কলকাতা উপহাইকমিশনে আলোচনা সভার আয়োজন করা হয় ও বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। বেকার হোস্টেল ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ) পড়ার সময় ১৯৪৫-৪৬ সালে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে ছিলেন। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। এই স্মৃতিকক্ষে রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি।