কলকাতায় বাংলাদেশ আর্ট গ্যালারি উদ্বোধন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউনে আর্টসএকর ফাউন্ডেশনে বাংলাদেশ আর্ট গ্যালারির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন।
কলকাতায় শিল্প চর্চা এবং চিত্রশিল্পের অগ্রগতির লক্ষ্যে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় আর্টসএকর ফাউন্ডেশন। এখানে এবার প্রতিষ্ঠা করা হলো বাংলাদেশ আর্ট গ্যালারি।
উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘এই আর্ট গ্যালারির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সংস্কৃতির বন্ধন আরও সুদৃঢ় হবে।’
আর্টসএকর ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩১ মে থেকে এখানে দুই বাংলার চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করা হয় চার দিনব্যাপী আর্ট ক্যাম্পের। এতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, ফরিদা জামান, শহীদ কবির, রফিকুন নবী, রণজিৎ দাস, সমরজিৎ রায়চৌধুরী, মনিরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর প্রমুখ যোগ দেন। এই শিল্পীদের আঁকা ২০টি চিত্রকর্ম গ্যালারিতে স্থান পায়।
গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার গণেশ হালুই ও বিভাস চক্রবর্তীসহ বরেণ্য চিত্রকরেরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিৎ, আর্টসএকরের প্রধান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় ও আর্টসএকর ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।