কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু
গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বছর এই বইমেলা দ্বিতীয় বছরে পা দিয়েছে। মেলা আয়োজন করা হয়েছে কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র ‘নন্দন’-এর পাশে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে।মেলার উদ্বোধনের প্রাক্কালে দুই বাংলার দুই প্রথিতযশা লেখক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।মেলায় বাংলাদেশের ২৬টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। সংস্থাগুলো হলো ইউপিএল, অনন্যা, অবসর, আগামী, প্রথমা, আহম্মদ পাবলিশিং হাউস, পার্ল পাবলিকেশনস, বিদ্যা প্রকাশ, মাওলা ব্রাদার্স, কাকলী, শিখা, সময়, সাহিত্য প্রকাশ, নালন্দা, অনিন্দ্য প্রকাশ, অন্যপ্রকাশ, বাংলা প্রকাশ, সিসটেক পাবলিকেশনস, শুদ্ধস্বর, সন্দেশ, জাতীয় সাহিত্য প্রকাশ, সংঘ প্রকাশন, বিজয় ডিজিটাল, র্যামন পাবলিশার্স, মধ্যাহ্ন এবং ভাষাচিত্র। এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন যৌথভাবে। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।