কলকাতায় বাংলাদেশ বইমেলা ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা। ২২ নভেম্বর কলকাতার জগদীশ চন্দ্র বসু স্ট্রিটের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় (রবীন্দ্র সদন) এই মেলা শুরু হবে। শেষ হবে ২৬ নভেম্বর। মেলায় শুধু বাংলাদেশি প্রকাশকদের বই বিক্রি হবে।গতকাল মঙ্গলবার ঢাকার টিসিবি ভবনের রপ্তানি উন্নয়ন ব্যুরোর বোর্ড রুমে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো এই বইমেলার আয়োজন করছে। মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশের ২৬টি প্রকাশনা সংস্থা।বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘পশ্চিমবাংলায় বাংলাদেশের বই সম্পর্কে যারা আগ্রহী তারা এই মেলার মাধ্যমে বাংলাদেশের বই সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশে বইয়ের উৎপাদনখরচ ভারতের তুলনায় বেশি। আবার আমাদের দেশে যথেষ্ট লেখক নেই। ভারতে বইয়ের বাজার ধরতে হলে আমাদের উৎপাদনখরচ কমানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং লেখক বাড়াতে হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ।