কলকাতায় বাংলাদেশ বইমেলার উদ্বোধন

কলকাতায় আজ বুধবার সন্ধ্যায় নয় দিনব্যাপী বাংলাদেশ বইমেলার উদ্বোধন হলো। মেলা বসেছে কলকাতার রবীন্দ্রসদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের নানা লেখা বাংলাদেশের পাঠক সৃষ্টিতে এক অনন্য ভূমিকা নিয়েছিল। তিনিই বাংলাদেশের মানুষকে বই পড়তে অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশের মানুষও আজ বই পড়ার প্রতি দিনে দিনে আগ্রহী হয়েছে। তাই বলতে হয়, হুমায়ূন আহমেদই বাংলাদেশের মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার এক সেরা কারিগর। আবুল মাল আবদুল মুহিত আজ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলা উদ্বোধনের পর প্রধান অতিথি বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন। তিনি প্রথমা স্টলে এসে তাঁর লেখা ‘স্মৃতি অম্লান ১৯৭১’ বই দেখে সন্তোষ প্রকাশ করেন।
এই বইমেলা এবার সাত বছরে পা দিল। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে এই বইমেলার আয়োজন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের বই পড়ার গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, ‘বই পারে আমাদের দুই দেশের পাঠকদের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ় করতে।’ আরেক বিশেষ অতিথি সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, ‘বই পড়তে হবে, বই থেকে শিখতে হবে এবং এই বই-ই আমাদের নতুন পথের সন্ধান দেবে, নতুন পথে নিয়ে যাবে।’
সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি কামাল আবদুল নাসেরের লেখা দুটি কবিতা আবৃত্তি করেন বাংলাদেশের আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। এই বইমেলার আয়োজক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, সহযোগিতায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ব্যবস্থাপনায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। বইমেলায় বাংলাদেশের ৫১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। গত বছর অংশ নিয়েছিল ৫২টি প্রকাশনা সংস্থা।
বইমেলায় এবার প্রতিদিন থাকছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভার বিষয়বস্তু বঙ্গবন্ধু বাংলা ভাষা ও বাংলাদেশ, বাংলা নাটক সৌহার্দ্যের সেতু, সাহিত্যের দর্শন, দর্শনের সাহিত্য, চলচ্চিত্র ও সাহিত্য, শিশুসাহিত্য এবং প্রকাশনা: গ্রন্থসেতু ইত্যাদি। সেমিনারে যোগ দিতে পারেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা সেলিনা হোসেন ও লেখক ইমদাদুল হক মিলন। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বাংলাদেশের সংগীতশিল্পী ফকির আলমগীরসহ অন্য শিল্পীরা। যোগ দেবেন কলকাতার শিল্পীরাও।
প্রতিদিন এই মেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে শনি ও রোববার মেলা চলবে রাত নয়টা পর্যন্ত।
বইমেলায় যোগ দেওয়া বাংলাদেশের প্রকাশনা সংস্থার মধ্যে রয়েছে বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, সাহিত্য প্রকাশ, মাওলা ব্রাদার্স, প্রথমা প্রকাশন, আগামী প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, মুক্তধারা, অন্য প্রকাশ, শিখা প্রকাশনী, জার্নিম্যান বুক, আহমেদ পাবলিশিং হাউস, নওরোজ কিতাবিস্তান, রোদেলা প্রকাশনী, ঐতিহ্য, মূর্ধন্য, প্রতিভা প্রকাশ, পার্ল পাবলিকেশনস, কাকলি প্রকাশনী, অনন্যা, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, দিব্যপ্রকাশ, প্রতীক প্রকাশনা সংস্থা, সময় প্রকাশন, সন্দেশ, বাংলা প্রকাশ, পাঞ্জেরী পাবলিকেশনস, অঙ্কুর প্রকাশনী, নবযুগ প্রকাশনী, শব্দশৈলী সংঘ প্রকাশনী, বেঙ্গল পাবলিকেশনস, অবসর প্রকাশনা সংস্থা, অনার্য পাবলিকেশনস, কথাপ্রকাশ, জাতীয় সাহিত্য প্রকাশ, অক্ষর প্রকাশনী/আদর্শ, অনিন্দ্য প্রকাশ, দ্য ইউনিভার্সাল একাডেমি, অনুপম প্রকাশনী, পাঠক সমাবেশ, অন্বেষা প্রকাশন, মদিনা পাবলিকেশনস, চন্দ্রাবতী একাডেমি, ভাষাচিত্র।