কলকাতায় বাংলাদেশি বইয়ের স্থায়ী কেন্দ্র চান পাঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বই কলকাতায় সহজে পেতে চান সেখানকার পাঠকেরা। সে জন্য তাঁরা এ নগরে বাংলাদেশি বইয়ের একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলার দাবি করেছেন। কলকাতায় আয়োজিত বাংলাদেশ বইমেলায় গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত পাঠক সমাবেশে এ দাবি ছিল পাঠকদের।
বইমেলা চত্বরে আয়োজিত সমাবেশে পাঠকেরা বলেন, বাংলাদেশের বইয়ের কলকাতার বাজার এখন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। নিয়মিত বাজার বাড়ছে কলকাতায়। কিন্তু সেই অনুপাতে বাংলাদেশের বই পাওয়া কঠিন।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মো. মোফাকখারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন সাহিত্যিক অমরেশ রায় চৌধুরী, পিয়াস মজিদ প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের বই এখন সর্বাধুনিক পদ্ধতিতে ছাপা হয়। বাংলাদেশে কম্পিউটার, চিকিৎসা, আইনবিষয়ক বইয়ের তুলনা হয় না। বাংলা একাডেমির বইও দারুণভাবে সমাদৃত কলকাতার বইয়ের বাজারে।
কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে। শেষ হবে ১০ সেপ্টেম্বর।