কলকাতায় বাংলাদেশি বইয়ের স্থায়ী বিক্রয়কেন্দ্র উদ্বোধন

কলকাতায় বাংলাদেশের বইয়ের চাহিদা থাকলেও বইপ্রেমীরা নিয়মিতভাবে বাংলাদেশের বই কিনতে পারেন না। কলকাতার আন্তর্জাতিক বইমেলা এবং কলকাতার বাংলাদেশের বইমেলায় সাধারণত মেলে বাংলাদেশের বই। তবে তা একটি নির্দিষ্ট সময়ে। বাকি সময়ে বাংলাদেশের বই যাতে কলকাতায় পাওয়া যায়, সেই লক্ষ্যে এবং কলকাতার বইপ্রেমীদের চাহিদার কথা ভেবে এবার কলকাতায় খোলা হলো বাংলাদেশের বইয়ের একটি স্থায়ী বিক্রয়কেন্দ্র।
বিক্রয়কেন্দ্রটি খোলা হয়েছে কলকাতার ‘প্লাটিনাম পাবলিশার্স’ এবং ‘বাংলাদেশের পাঠক সমাবেশ’-এর যৌথ উদ্যোগে।
আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটের ৩/১ কলেজ রো’তে খোলা হয়েছে বাংলাদেশের বইয়ের স্থায়ী বিক্রয়কেন্দ্র। দুপুরে এই স্থায়ী বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘এই বিক্রয়কেন্দ্র খোলার মধ্য দিয়ে আমাদের দুই দেশের বইপ্রেমীরা বাংলাদেশের বই দেখা ও ক্রয়ের সুযোগ পাবেন। এতে করে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশের বইয়ের পাঠক বাড়বে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ উপহাইকমিশনের কর্মকর্তারা। ছিলেন দুই দেশের দুই প্রকাশনা সংস্থার কর্মকর্তারাসহ কলকাতার বিশিষ্টজনেরা।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে পাঠক সমাবেশ এবং কলকাতার ভারতী বুকস্টলের যৌথ উদ্যোগে বাংলাদেশের বইয়ের একটি স্টল খোলা হলেও তা স্থায়ী হয়নি।