কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন

মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা, আলোচনা, সংগীত—এসব নানা আয়োজনে আজ শনিবার কলকাতায় উদ্যাপিত হয়েছে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড পৃথকভাবে বিভিন্ন আয়োজন করে দিনটি উপলক্ষে।
সকালে উপহাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। বিকেলে উপহাইকমিশন চত্বরে চলমান বিজয় উৎসবে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন ঢাকা ও কলকাতার বিশিষ্টজনেরা।
আজ আলোচনায় যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন দুই দেশের নামী শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পী ফাহিম হোসেন, অভিজিৎ চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, নাদিরা হক, হৈমন্তী শুক্লা, এস ডি রুবেল, তীর্থ লোকসংগীত দল।
দিনটি সাড়ম্বরে পালন করেছে কলকাতাস্থ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। পূর্বাঞ্চলীয় কমান্ড এই উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। পূর্বাঞ্চলীয় সেনা সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেন ৩০ জন মুক্তিযোদ্ধাসহ সেনা কর্মকর্তা এবং তাঁদের পরিবার-পরিজন।

পূর্বাঞ্চলীয় সেনা সদরে আজ সকালে বিজয় দিবসের সূচনা হয়। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের সেনা সদস্যের লড়াইকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। স্মরণ করা হয় এই মুক্তিযুদ্ধে দুই দেশের শহীদ হওয়া বীরদের। এই বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
১৬ ডিসেম্বরের স্মরণে কলকাতার ফোর্ট উইলিয়ামের সেনা সদরে নির্মিত বিজয় স্তম্ভে মাল্যদান করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি ও সেনা সদস্যরা। ভারতের পক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান করেন কলকাতাস্থ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের প্রধান লেফট্যানেন্ট জেনারেল অভয় কৃষ্ণ, বাংলাদেশের পক্ষে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সাংসদ মো. আবদুস শহীদ, গোলাম দস্তগীর গাজী, ওয়াসেকা আয়শা খান, মুক্তিযোদ্ধা শহীদুল্লা চৌধুরী, অধ্যাপক প্রাণগোপাল দত্ত, মো. সুলতান মাহমুদ, মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান, অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, ক্যাপ্টেন মো. আবদুল মুকিত খান, এয়ার কমোডর চৌধুরী মুহিতুল হাসান প্রমুখ।

এ সময় সেনাবাহিনী পরিবেশন করে দেশাত্মবোধক গান। আকাশ থেকে দুটি হেলিকপ্টারে করে পুষ্প বর্ষণ করা হয়। দুটি হেলিকপ্টারে ছিল বাংলাদেশ আর ভারতের পতাকা। শ্রদ্ধার্ঘ নিবেদনের সময় গাওয়া হয় চারটি শোত্মবোধক গান।
কলকাতার ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগে সন্ধ্যায় এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় পার্ক স্ট্রিট থেকে বিজয় স্মারক পর্যন্ত।