কলকাতায় বাংলাদেশের সমীরণ
কলকাতার সাহিত্য সংস্কৃতির অঙ্গনে গত মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশ বেশ গুরুত্বের সঙ্গে উঠে আসছে। শীতের শেষ লগ্নে ঢাকার মতো এখানেও নানা উৎসব-অনুষ্ঠানের আয়োজন চলছে। তার মধ্যে বাংলাদেশের অংশগ্রহণও থাকছে উল্লেখযোগ্যভাবে।বাংলাদেশের নানা আয়োজন: অন্যতম বড় আয়োজন কলকাতা পুস্তকমেলা ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হলো ১০ ফেব্রুয়ারি। এবার মেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। উদ্বোধন করেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। মেলামঞ্চে চারটি সেমিনার হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে। এতে প্রবন্ধ পড়েছেন সৈয়দ আবুল মকসুদ, শামসুজ্জামান খান, গোলাম মোস্তফা ও মফিদুল হক। এ ছাড়া বাংলাদেশ থেকে আসা সাহিত্যিকেরা কলকাতার সাহিত্যিকদের সঙ্গে প্রায় রোজই মেলার বিভিন্ন প্রকাশকের স্টলে আড্ডা-আলোচনায় মেতেছেন। আর মেলায় প্রতিদিনই বেজেছে বাংলাদেশের শিল্পীদের গান।এদিকে বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএর আয়োজনে কলকাতায় বাংলা গানের নয় দিনব্যাপী উৎসব শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে। এ ছাড়া নন্দনে তিন দিনের বাংলাদেশের চলচ্চিত্র উৎসব হয়ে গেল গত ৮-১০ ফেব্রুয়ারি। সেখানে অংশ নিয়েছেন দেশের বিশিষ্ট নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এরই মাঝে ৯ ফেব্রুয়ারি দুই বাংলার চলচ্চিত্রশিল্পকে নতুন মাত্রা দিতে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরসংক্রান্ত অনুষ্ঠান হলো। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজকসহ বিনোদনশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার মুখেই অনেক দিনের বন্ধ দুয়ার খোলার বার্তা শোনা যাচ্ছে।উৎসবে পঞ্চকবির গান: বাংলা গানের উৎসবে সোমবার ছিল পঞ্চকবির গান। কলকাতায় রেজওয়ানা চৌধুরী বন্যা খুব চেনা মুখ। তাঁর সঙ্গে আরও গান শুনিয়েছেন ফাহিম হোসেন চৌধুরী, সানী জুবায়ের, নন্দিতা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রতিদিনই বাংলাদেশের শিল্পীদের গানের অ্যালবামের প্রকাশনা হচ্ছে। গতকাল এই চার শিল্পীর চারটি অ্যালবামের প্রকাশনা হয়েছে উৎসব মঞ্চে। রবীন্দ্রনাথের পূজা ও প্রেম পর্বের গানের মালঞ্চ সাজিয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন নন্দিতা ইয়াসমিন। কাজী নজরুলের গান দিয়ে পরিবেশনা শুরু করেন সানী জুবায়ের। সানী দীর্ঘদিন থেকেই ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও পাশ্চাত্যে ধ্রুপদ সংগীত চর্চা করছেন। রাগপ্রধান গানগুলোই প্রাধান্য পেয়েছিল তাঁর পরিবেশনায়। শ্রোতাদের মাতিয়ে দিয়েছেন তিনি।নজরুলের গানের পর আবার রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাহিম হোসেন চৌধুরী।