কলকাতায় বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় সেনাসদর কলকাতার ফোর্ট উইলিয়ামে এ উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দেন ৩০ জন মুক্তিযোদ্ধা, ছয়জন সেনা কর্মকর্তা এবং তাঁদের পরিবার-পরিজন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। ১৬ ডিসেম্বর স্মরণে তৈরি বিজয়স্তম্ভে তিনিসহ বাংলাদেশের পক্ষে পুষ্পমাল্য দেন মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ, এয়ার কমোডর এ কে এম রফিক উদ্দিন, ক্যাপ্টেন মুস্তাফা কামাল নাসিরসহ সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা।
এ সময় ভারতীয় পক্ষে ছিলেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তিন বাহিনীর প্রধান যথাক্রমে লে. জেনারেল এম এম এস রাই, ভাইস অ্যাডমিরাল সতীশ সনি, এয়ার
ভাইস মার্শাল এইচ জে ওয়ালিহাসহ সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা। তাঁরা একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। তখন হেলিকপ্টার থেকে শহীদ স্মৃতিস্তম্ভে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেছে।