কলকাতায় বিজয় দিবস উদ্যাপন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় যথাযোগ্য মর্যাদায় গতকাল বুধবার উদ্যাপিত হয়েছে বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাসদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত তিন দিনের বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেন ৩০ জন মুক্তিযোদ্ধা, ৬ জন সেনা কর্মকর্তা এবং তাঁদের পরিবার। ৬৮ জনের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সকালে অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের ভূমিকাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। দুই দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। ১৬ ডিসেম্বর স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন দুই দেশের প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
গতকাল সকালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপহাইকমিশনার জকি আহাদ। বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলমান বিজয় উৎসবে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।