কলকাতায় মমতার সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করেন। মমতার দক্ষিণ কলকাতার কালীঘাটের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তারিক এ করিমের সঙ্গে মমতার এটা প্রথম বৈঠক।বৈঠকে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশের সঙ্গে রয়েছে আমাদের নাড়ির টান। আমরা নিশ্চয়ই চাইব আমাদের দুই দেশের মধ্যের বিরাজমান সমস্যার দ্রুত সমাধান।’ এ ব্যাপারে তিনি তাঁর সাধ্যমত প্রচেষ্টা চালানোর কথাও বলেন। মমতা বাংলাদেশের হাইকমিশনারকে জানান, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুর রেলস্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুরের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানোর একটি পরিকল্পনা তাঁর রয়েছে।এর আগে বাংলাদেশের হাইকমিশনার পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে সদ্য চালু হওয়া বাংলাবান্ধা ও ফুলবাড়ী স্থল সীমান্তপথে যাতে দ্রুত দুই দেশের যাত্রী চলাচল শুরু হয়, সে জন্য অভিবাসন দপ্তর চালু করার ব্যাপারে আলোচনা হয়।প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ফুলবাড়ী-বাংলাবান্দা স্থলবন্দর উদ্বোধনের দিনে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, শিগগিরই এই স্থলবন্দরে অভিবাসন দপ্তর চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে করে উভয় দেশের যাত্রীরা এই পথে চলাচল করতে পারে।