কলকাতায় মহান একুশে উদযাপন

কলকাতায় আজ মঙ্গলবার উদযাপিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে ঘিরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের মহান এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। দিনটি উপলক্ষে কলকাতার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল সোমবার বিকেলে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে আয়োজন করা হয় ভাষা দিবসের নানা অনুষ্ঠানের। নবজাগরণ ও ভাষা চেতনা সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকেও ২৫ জন শিল্পী যোগ দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কবি আসাদ চৌধুরী। রাত ১২টা এক মিনিটে মশাল মিছিলও অনুষ্ঠিত হয়। সারা রাত ধরে চলে কবিতা, গান, নাটক এবং নাচের অনুষ্ঠান।

আজ সকালে পার্ক সার্কাস এলাকায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন গ্রন্থাগার থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়। এরপরেই উপহাইকমিশনে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আলোচনা সভা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলকাতার ভাষা শহীদ স্মারক সমিতি কার্জন পার্কে অবস্থিত ভাষা উদ্যানের শহীদ স্মারকে সকালে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে দিনভর চলে অনুষ্ঠান। কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়াম চত্বরে নির্মিত শহীদ স্মৃতি উদ্যানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ প্রমুখ।

দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় একুশের অনুষ্ঠানের। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে দিনটি পালিত হয় প্রচুর উৎসাহ আর উদ্দীপনার মধ্যে। উত্তর কলকাতার হেদুয়া পার্কেও আয়োজন করা হয় ভাষা দিবসের অনুষ্ঠানের। কলকাতার বেলেঘাটা মোড়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা শহীদ মিনারেও শ্রদ্ধা জানান অগণিত মানুষ। এ ছাড়া কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও গ্রামের স্কুল কলেজেও দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। বেনাপোল-বনগাঁ সীমান্ত, ভাষা সৈনিক বরকতের গ্রাম বাবলা, বরকতের স্কুল তালিবপুর হাইস্কুল ও ত্রিপুরা রাজ্যেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।