কলকাতায় রোকেয়া কর্নারের উদ্বোধন
কলকাতায় বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারে রোকেয়া কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ অ্যান্ড জেন্ডার বিভাগের সহযোগী অধ্যাপক মালেকা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ জ্বালান পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস।সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এ বছর শতবর্ষে পা দিয়েছে। গত ১৬ মার্চ থেকে বিদ্যালয়ে শুরু হয়েছে বছরব্যাপী শতবর্ষের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল উদ্বোধন করা হয় রোকেয়া কর্নারের। এই কর্নারে থাকবে কেবল রোকেয়াসংক্রান্ত নানা গ্রন্থ, নানা তথ্য। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে গতকাল রোকেয়ার জীবন ও প্রাসঙ্গিকতা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ। আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী কান্তি বিশ্বাস, মালেকা বেগম, মিরাতুন নাহার, উত্তরা চক্রবর্তী, সুলেমান খুরশিদ, রোকেয়া গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সেমিনারে মালেকা বেগম রোকেয়ার আদর্শে বলীয়ান হতে ছাত্রীদের প্রতি আহ্বান জানান।