কলকাতায় শেখ কামালের জন্মবার্ষিকী উদ্যাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এ উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজন করে। শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শেখ কামালের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।
তিনি বলেন, শেখ কামাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর মধ্যে কোনো অহমিকাবোধ ছিল না। ক্রীড়া ও সংস্কৃতিচর্চায় তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন।
বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি আজও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
মুক্তিযুদ্ধকালীন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সুখরঞ্জন দাশ গুপ্ত বলেন, শেখ কামাল একজন সৌম্য ও সজ্জন ব্যক্তি ছিলেন। শেখ কামালের একসময়ের রাজনৈতিক সহকর্মী সুবীর হোম রায় বলেন, শেখ কামালের মার্জিত, সদালাপী ও শুদ্ধ সংস্কৃতির পদচারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বত্র। ছিলেন ভালো ক্রিকেটার, উৎসাহী নাট্যকর্মী, সংগীত অনুরাগী এবং উজ্জ্বল ছাত্রনেতা।
আলোচনা সভায় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কনস্যুলার মো. বশির উদ্দিন, দ্বিতীয় সচিব (কনস্যুলার) রাসেল জমাদার, প্রথম সচিব (রাজনৈতিক) শামীমা ইয়াসমীন স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।