কলকাতায় শেষ হলো বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত নয় দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শেষ হয়েছে গতকাল রোববার। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে পঞ্চম বছরের মতো এই বইমেলার আয়োজন করা হয়।
গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। তিনি বলেন, বইমেলা জ্ঞান ও চিন্তার বিকাশ ঘটাতে সহায়তা করে। এই বইমেলা বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে।
বাংলাদেশ বইমেলার শুরুর দিন থেকেই ভিড় জমে যায় প্রতিটি স্টলে। কলকাতার বইপ্রেমিকেরা আগ্রহভরে দেখেছেন বাংলাদেশের নানা বই। কিনেছেনও প্রচুর। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, এবার অন্তত ২০ লাখ রুপির বই বিক্রি হয়েছে বইমেলায়। বাংলাদেশের ৪৮টি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই নিয়ে
এবারের এই বইমেলায় হাজির হয়েছিল।
এ মেলার আয়োজক ছিল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।