কলকাতায় শেষ হলো বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় আয়োজিত বাংলাদেশ বইমেলা ঘুরে দেখছেন পাঠকেরা। নয় দিন ধরে চলা এই মেলা শেষ হলো আজ। কলকাতা, ভারত, ২৩ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় আয়োজিত বাংলাদেশ বইমেলা ঘুরে দেখছেন পাঠকেরা। নয় দিন ধরে চলা এই মেলা শেষ হলো আজ। কলকাতা, ভারত, ২৩ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় আজ শেষ হলো বাংলাদেশ বইমেলা। নয় দিন ধরে চলা এই বইমেলা শুরু হয় ১৫ নভেম্বর। এবারের মেলা বসে কলকাতার রবীন্দ্রসদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে আয়োজিত এই বইমেলা এবার সাত বছরে পা দিয়েছে।

এই বইমেলার আয়োজক কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। উদ্বোধনের পর প্রথম তিন দিন বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বইমেলা সেভাবে জমে উঠতে পারেনি। তবে এরপর যথারীতি ভিড় জমে মেলার বিভিন্ন বইয়ের স্টলে। বিক্রিও হয় প্রচুর বই। বইমেলায় এবার প্রতিদিন ছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষ দিনে আজ বৃহস্পতিবার প্রচুর ভিড় জমে যায় বইমেলায়। বইমেলা চত্বরে হয় সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ঢাকার বাংলা একডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

বইমেলার বিভিন্ন স্টলে ঘুরে জানা গেছে, এবারে বাংলা একাডেমির স্টলে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’। এ ছাড়া বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে আগামী প্রকাশন থেকে বের হওয়া হ‌ুমায়ুন আজাদের লেখা বই ‘দ্বিতীয় লিঙ্গ’, পাঠক সমাবেশ থেকে প্রকাশিত অধ্যাপক আনিসুজ্জামান রচিত ‘বিপুলা পৃথিবী’, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে বের হওয়া যতীন সরকারের লেখা ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু-দর্শন’, অবসর প্রকাশনা থেকে প্রকাশিত গোলাম মুরশিদের লেখা ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’, অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হ‌ুমায়ূন আহমেদের ‘জ্যোৎস্না¯ও জননীর গল্প’সহ আরও নানা বই।

এবার এই বইমেলায় বাংলাদেশের মোট ৫১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, সাহিত্য প্রকাশ, মাওলা ব্রাদার্স, প্রথমা প্রকাশন, আগামী প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, মুক্তধারা, অন্যপ্রকাশ, নওরোজ কিতাবিস্তান, রোদেলা প্রকাশনী, ঐতিহ্য, পার্ল পাবলিকেশনস, কাকলি প্রকাশনী, অনন্যা, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, দিব্যপ্রকাশ, সময় প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড, বেঙ্গল পাবলিকেশনস, অবসর প্রকাশনা সংস্থা, কথাপ্রকাশ, জাতীয় সাহিত্য প্রকাশ, পাঠক সমাবেশ প্রভৃতি।