কলকাতায় শেষ হলো 'বাংলাদেশ বইমেলা'
কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ শেষ হয়েছে। ১ সেপ্টেম্বর শুরু হওয়া এই বইমেলা গতকাল শনিবার শেষ হয়।
কলকাতার রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত এই বইমেলায় এবার প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। বইয়ের বিভিন্ন স্টলে ছিল উপচে পড়া ভিড়। কলকাতার বইপ্রেমী লোকজন স্টলে ঢুকে বাংলাদেশের বই দেখেছেন, কিনেছেন।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মো. সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আগের বছরের তুলনায় এবার বইমেলায় বেশি বিক্রি হয়েছে।
মেলার আয়োজক ছিল কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এবারের বইমেলায় বাংলাদেশের ৪৭টি প্রকাশনা সংস্থা অংশ নেয়।
আয়োজকেরা জানান, বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় সেমিনার, কবিতাপাঠ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ছিল লেখক-পাঠক ও প্রকাশকদের সমাবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কলকাতাসহ বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা।