কলকাতায় সংবর্ধিত হলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ বিপ্লবী, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বীর নায়ক মাস্টারদা সূর্য সেনের সঙ্গী বিনোদ বিহারী চৌধুরী কলকাতায় সংবর্ধিত হলেন। গত রোববার দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে তাঁকে সংবর্ধনা দেয় কলকাতার চট্টগ্রাম পরিষদ। অনুষ্ঠানে প্রবীণ এই বিপ্লবীকে উত্তরীয় পরিয়ে দেন কলকাতার সাত প্রবীণ স্বাধীনতাসংগ্রামী। একইভাবে বিনোদ বিহারীও ওই সাত স্বাধীনতাসংগ্রামীকে পরিয়ে দেন উত্তরীয়।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পরিষদের সভানেত্রী রেণুকা গুহ। স্বাগত ভাষণ দেন পরিষদের সাধারণ সম্পাদক সরোজ চৌধুরী।সংবর্ধনার পর স্বাধীনতাসংগ্রামের অগ্রসেনানী বিনোদ চৌধুরী বলেন, ‘আমি নই, এ সংবর্ধনা পাওয়ার যোগ্য নেতা বিপ্লবী বীর মাস্টারদা সূর্য সেন।’ তিনি বলেন, ‘আমাদের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে দেশসেবার মহান কাজে। প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে দেশসেবার মহান ব্রত নিয়ে।’ তিনি উপস্থিত সবার মঙ্গল কামনা করে বলেন, ‘আবার আসব। আপনারা ভালো থাকুন।’ অনুষ্ঠানের অন্য বক্তারা বিনোদ বিহারী চৌধুরীর দীর্ঘায়ু কামনা করেন। গত ১০ জানুয়ারি বিনোদ বিহারী ১০১ বছরে পা দেন। এদিন কলকাতার মধুসূদন মঞ্চে চট্টগ্রাম পরিষদের উদ্যোগে দিবসটি পালিত হয়। ১১ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফিরবেন।