কলকাতায় সাড়ম্বরে বিজয় দিবস
যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে কলকাতায় উদ্যাপিত হয়েছে বাংলাদেশের ৩৯তম বিজয় দিবস। দিনটি পালনের জন্য ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। সেনা সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেন ২০ জন মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা। কলকাতার সেনা সদরে সকাল সাড়ে আটটায় বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। ১৬ ডিসেম্বর স্মরণে তৈরি বিজয়স্তম্ভে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের পক্ষে মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশের প্রতিমন্ত্রী মো. এনামুল হক ও মেজর জেনারেল মো. মতিউর রহমান। এরপর ভারতীয় সেনাবাহিনীর সাবেক সেনাধ্যক্ষ সহ-ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং সবশেষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তিন বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে বিজয়স্তম্ভে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়। এদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সেনাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।বার্তা সংস্থা বাসস জানিয়েছে, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনেও বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।বাংলাদেশ উৎসব শুরুগতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’। সেই সঙ্গে বিজয় মেলা। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে এবং হাইকমিশন চত্বরে আয়োজিত এই উৎসব চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, পশ্চিমবঙ্গের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।