কলকারখানায় নাশকতার ব্যাপারে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকারখানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সজাগ থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী বস্ত্র প্রদর্শনী টেক্সবাংলা-২০১২ উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) দেশের বিকাশমান তৈরি পোশাক খাতে স্থানীয় বস্ত্রের ব্যবহার বাড়াতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে পঞ্চমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করে। প্রধানমন্ত্রী যেকোনো দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপদ নির্গমন নিশ্চিত করতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতের চেয়ে কলকারখানায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর পরও কেউ যাতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে কলকারখানায় উৎপাদন ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আল আমিন বক্তব্য দেন। বিটিএমএর উপদেষ্টা জি কে এম তৌফিক হাসান দেশের বস্ত্র খাতের ওপর মাল্টিমিডিয়া প্রদর্শন করেন।অনুষ্ঠানের শুরুতে শনিবার আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এবং চট্টগ্রামে উড়ালসড়কের গার্ডার ভেঙে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।