মাগুরা পৌরসভার তিন সড়কের অবশেষে কলঙ্ক ঘুচেছে। স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে করা এ সড়কগুলোর নতুন নামকরণ করেছে পৌরসভা। এ বিষয়ে সরকারি আদেশও জারি হয়েছে।
ভায়না মোড় থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত মোখলেছুর রহমান সড়কের (এমআর রোড) নাম বদলে কলেজ রোড, চৌরঙ্গী থেকে কেশব মোড় পর্যন্ত হাবিবুর রহমান সড়কের নাম বদলে নতুন বাজার সড়ক এবং আবালপুর থেকে ডেফুলিয়া পর্যন্ত ওয়াজেদ আলী সড়কের নাম বদলে আবালপুর সড়ক হয়েছে।
মাগুরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল কামাল প্রথম আলো বলেন, বিতর্কিত ব্যক্তিদের নামে থাকা সড়কগুলোর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। সড়কগুলোর নতুন ফলক নির্মাণসহ আনুষঙ্গিক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সারা দেশে সড়কসহ সব জায়গা থেকে স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নাম অপসারণ করতে গত বছরের ৬ ডিসেম্বর একটি নির্দেশনা দেন উচ্চ আদালত। এতে ৬০ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা বাস্তবায়নে গত ১৬ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় মাগুরা পৌরসভাকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, দেশে ৩২টি সড়কের নাম স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে রয়েছে। এর মধ্যে মাগুরা পৌরসভায় তিনটি এবং মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে একটি রয়েছে। চিঠিতে সড়কগুলোর নাম পরিবর্তন করার নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি পৌর পরিষদের মাসিক সাধারণ সভায় মাগুরা পৌরসভাভুক্ত তিন সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
ওই চিঠি থেকে জানা যায়, মোখলেছুর রহমান সড়কটি নামকরণ করা হয় ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের আমলে। বিএনপির প্রয়াত মন্ত্রী মজিদ উল হকের ভাই পৌর মেয়র মাহবুবুল হক সিদ্দিকী এ নামকরণ করেন। একই সময়ে হাবিবুর রহমান সড়কের নামকরণ করা হয়। হাবিবুর মেয়র মাহবুবুলের শ্বশুর এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিবের বাবা।
ওয়াজেদ আলী সড়কটির নামকরণ করা হয় ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকারের আমলে। কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই তখন ওয়াজেদ আলীর ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান সড়কটিতে সাইনবোর্ড লাগান।
মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যে সড়ক তিনটির নাম পরিবর্তন করা হলো, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। আমরা কেবল সরকারি নির্দেশনা পালন করেছি। পৌর নাগরিকদের বিষয়টি জানাতে শিগগিরই মাইকিং করা হবে।’
এদিকে মহম্মদপুর উপজেলার চাঁদ আলী শিকদার সড়কটির (বিনোদপুর-বাবুখালী সড়ক) নামকরণ করা হয় ১৯৯৬-০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে। চাঁদ আলী কুখ্যাত রাজাকার ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিনোদপুর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও ছিলেন।
বিনোদপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, সড়কটির আগের নাম বাদ দেওয়া হয়েছে। তবে নতুন করে কোনো নামকরণ এখনো করা হয়নি।