আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ৩৯ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার করার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু স্বাধীনতাযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি আদায় এবং জাতীয় জীবনের কলঙ্ক মোচনের জন্য এ বিচার নিশ্চিত করতে হবে।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ‘অপরাধবিজ্ঞান ও অপরাধ দমন’ (ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস) নামে এমএসএস পর্যায়ে শিক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে অপরাধের ধরন পাল্টে গেছে। এখন অপরাধ ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজন দক্ষ লোকের। এ ক্ষেত্রে অপরাধবিজ্ঞান ও অপরাধ দমন বিষয়ে পড়াশোনা একটি যুগান্তকারী উদ্যোগ।বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশ স্টাফ কলেজের পরিচালক নাঈম আহমেদ এবং বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কে এম সা’দউদ্দিন।আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে সাইবার অপরাধ। কিন্তু এ জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার বন্ধ করা যাবে না। উদ্ভূত সমস্যার সমাধানে নতুন নতুন পন্থা বের করতে হবে।নাঈম আহমেদ বলেন, আইন প্রয়োগকারীরা শাসকের মতো আচরণ করেন। মানুষের সেবার জন্যই আইন—এ কথাটি তাঁরা ভুলে যান। এ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করেই সব সমস্যার সমাধান করা যায় না। এর জন্য কাউন্সেলিংয়েরও প্রয়োজন রয়েছে।