কলঙ্কমুক্ত হলো শেরপুর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় শেরপুরে আনন্দমিছিল হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, কামারুজ্জামানের ফাঁসির মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হলো শেরপুর।
কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবর ছড়িয়ে পড়লে গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন শেরপুরবাসী। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর জেলা ইউনিটের কমান্ডার আ. স. ম. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ অঞ্চলের ইসলামী ছাত্রসংঘের সভাপতি ও আলবদর কমান্ডার কামারুজ্জামান নিজ জেলা শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দেন। শুধু তাই নয় তিনি সে সময় নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে ১৪৪ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেন। এ ধরনের একজন কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ায় শেরপুর কলঙ্কমুক্ত হলো। যথাযথ আইনিপ্রক্রিয়া শেষে কামারুজ্জামানের দণ্ড কার্যকর করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
সেক্টরস কমান্ডারস ফোরাম, শেরপুরের সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, ২০০৮ সালের ১২ নভেম্বর ফোরামের এক সমাবেশে কামারুজ্জামানকে শেরপুর জেলার অন্যতম শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁর বিচার দাবি করা হয়। আদালত কামারুজ্জামানের ঘৃণ্য অপরাধের জন্য তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেই রায় বাস্তবায়ন হওয়ায় জেলার সব মানুষ খুশি।
মুক্তিযুদ্ধে শহীদ গোলাম মোস্তফা তালুকদারের ছোট ভাই মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘একাত্তরে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদর বাহিনী আমার বড় ভাই গোলাম মোস্তফাকে হত্যা করেন। ফাঁসি কার্যকর হওয়ায় মনে হচ্ছে, আমার ভাইয়ের রক্ত বৃথা যায়নি। আর এতে আমার প্রয়াত বাবা-মার বিদেহী আত্মাও শান্তি পাবে।’
নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লি কল্যাণ সমিতির সভাপতি ও শহীদ পরিবারের সন্তান মো. জালালউদ্দিন রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এত দিন সোহাগপুরের বিধবারা শুধু কেঁদেছেন। ফাঁসি হওয়ায় এখন থেকে বিধবারা শান্তিতে ঘুমাতে পারবেন।