কলঙ্কময় একুশে আগস্ট আজ
আজ রক্তাক্ত ও কলঙ্কময় একুশে আগস্ট। এক যুগ আগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২৪ নেতা-কর্মী নিহত হন। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই সময়ে বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
ওই ঘটনায় আহত হন আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী, যাঁদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন, কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। ঘটনার প্রায় এক যুগ পর ওই মামলার বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে।
এই দিবস উপলক্ষে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একুশে আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও তাদের মদদদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে।
প্রধানমন্ত্রী বলেন, সপরিবার জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদেরও বিচারের কাজ চলছে।
শেখ হাসিনা আরও বলেন, চারদিকে গ্রেনেড বিস্ফোরণের মধ্যেও নেতা-কর্মীরা মানববর্ম সৃষ্টি করে সেদিন তাঁকে রক্ষা করেন। প্রধানমন্ত্রী ওই ঘটনায় সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের কর্মসূচি: দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আজ রোববার বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাসহ ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের উপস্থিতিতে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানেই প্রধানমন্ত্রী গ্রেনেড হামলায় নিহত শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনা সভায় অংশ নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালনের জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে দলের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ সব শাখা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।