কলড্রপে ক্ষতিপূরণ বাধ্যতামূলক হচ্ছে
মুঠোফোনে কথা বলার ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে কল কেটে গেলে বা কলড্রপ হলে এক মিনিট করে ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। তবে দিনের প্রথম কলড্রপের জন্য এ ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না। প্রথমবারের পর যতবার কলড্রপ হবে, ততবারের জন্য এক মিনিট করে ক্ষতিপূরণ পাওয়া যাবে।
গতকাল রোববার সচিবালয়ে মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে এই বৈঠকে দেশের ছয় মুঠোফোন অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরীসহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলড্রপের এই ক্ষতিপূরণের বিষয়ে সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী জুন থেকে বিটিআরসি এ বিষয়ে কাজ শুরু করবে। আর জুলাই থেকে এ ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে।
অবশ্য তারানা হালিমের ফেসবুক পেজে ১ জুন থেকে সেবাটি চালু করার কথা বলা হয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে মুঠোফোন অপারেটরদের নির্দেশনা দেয় বিটিআরসি। তবে ওই ক্ষতিপূরণ কীভাবে ও কোন প্রক্রিয়ায় দেওয়া হবে, সেটি নিয়ে কিছু অস্পষ্টতা ও জটিলতা থাকায় বিটিআরসির নির্দেশনা এখনো বাস্তবায়িত হয়নি।
গতকাল বৈঠক শেষে তারানা হালিম সাংবাদিকদের বলেন, একটির বেশি কলড্রপ হলে গ্রাহকদের প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে হবে। যেমন একজন গ্রাহকের দিনে মোট পাঁচটি কলড্রপ হলে তিনি চারটির ক্ষতিপূরণ পাবেন।
বিটিআরসির নির্ধারিত মান অনুযায়ী, মুঠোফোন অপারেটরগুলোর কলড্রপের হার ৩ শতাংশের কম হলে তা হবে মানসম্পন্ন সেবা। আর আন্তর্জাতিক মান অনুযায়ী, কলড্রপ ২ শতাংশের মধ্যে থাকলে তা গ্রহণযোগ্য।
দেশের মুঠোফোন অপারেটররা ২০১৪ সালে গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে কলড্রপ সুবিধা চালু করে। ২০১৪ সালে পরীক্ষামূলক পদ্ধতিতে অপারেটররা এক দিনে সর্বোচ্চ ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট ক্ষতিপূরণ দিয়েছিল।