কলবেল টিপে ঘরে ঢুকে সাড়ে ১৩ লাখ টাকার মাল লুট
চট্টগ্রামের পাথরঘাটায় এক বাড়িতে ঢুকে নগদ টাকা ও ২৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার আশরাফ আলী সড়কের ছবুরা মঞ্জিলের তৃতীয় তলার বাসিন্দা মো. কুদ্দুছের বাসায় এ ডাকাতি হয়। এ ব্যাপারে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, কুদ্দুছের বাসার কলবেল টিপ দিলে গৃহপরিচারিকা দরজা খুলে দেয়। এ সময় চার যুবক ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাসার সব সদস্যকে জিম্মি করে। পরে তারা আলমারি খুলে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হারুন বলেছেন, লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চুড়ি, হার, আংটি, ব্রেসলেট ও তিনটি মুঠোফোন সেট এবং নগদ ৭৪ হাজার টাকা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।মো. আলমগীর নামের কুদ্দুছের এক আত্মীয় এ মামলা করেন। এতে মোট সাড়ে ১৩ লাখ টাকার মালামাল লুট হওয়ার কথা উল্লেখ রয়েছে।