কলম নয়, হাতুড়ি চালায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের মিলপাড়া বালুঘাট এলাকার জুয়েল, ইমরান, সনি, আকিব, আসিফ। এদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১২ বছর। স্কুলে না গিয়ে পরিবারের জন্য আয়-উপার্জনে তারা ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিকেরা এসব শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে অনুৎসাহিত করার পরও তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। এদের সবার বাবা-মা তেমন লেখাপড়া জানেন না। কুষ্টিয়া বড় বাজার এলাকার গড়াই নদ ঘেঁষে গড়ে ওঠা লোহাপট্টির সব দোকানেই এদের মতো শতাধিক শিশু কাজ করছে।২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনে ১ থেকে ১৪ এবং ১৯৭৫ সালের শিশু আইনে বলা হয়েছে, ১৬ বছর পর্যন্ত শিশুদের দিয়ে ভারী কাজ করানো যাবে না। সরেজমিনে গত শনিবার বিকেলে দেখা গেছে, শিশুরা সিলিন্ডারের গ্যাস দিয়ে লোহা কাটছে, আবার কেউ ঝালাইযন্ত্র দিয়ে লোহার যন্ত্রাংশ জোড়া লাগাচ্ছে। আবার অনেকে ভারী হাতুড়ি ও ছেনি দিয়ে বড় বড় লোহার পাত কাটছে। এসব কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে বলে শিশুরা জানায়।শিশুশ্রমিকেরা জানায়, অভাবের তাড়নায় তারা এসব কাজ করে। তবে বেতন বেশি এবং কাজ শিখতে পারলে পরবর্তী সময়ে আরও বেশি বেতন পাওয়ার আশায় অন্য কাজের চেয়ে এসব কাজই তাদের পছন্দ। এসব কাজ করে মাসে তাদের এক হাজার ৬০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় হয়। পড়াশোনার বিষয়ে জানতে চাইলে তারা বলে, তাদের এলাকার কোনো ছেলেমেয়েই লেখাপড়া করে না। বাড়িতে থাকলে স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে খারাপ কাজ করা ছাড়া উপায় থাকে না। বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুর রহমান বলেন, এখানকার শিশুরা অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে। মালিকেরা শিশুশ্রমিকদের কাজে লাগানোর ব্যাপারে আগ্রহী নন, কিন্তু ওরাই স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করছে। এসব শিশুকে স্কুলগামী করানোর ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, অন্যথায় শিশুরা আরও পিছিয়ে পড়বে।বেসরকারি সংস্থা মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম বলেন, শিশুদের দিয়ে ভারী কাজ করানো আইনের পরিপন্থী। অবশ্যই এর বিরুদ্ধে জেলা প্রশাসনসহ বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত।