কলম ভেঙে প্রতিবাদ
মাদারীপুরের শিবচর উপজেলা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগ এনে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকেরা কলম ভেঙে এর প্রতিবাদ জানিয়েছেন। এ ধরনের অসদাচরণের সুষ্ঠু সমাধান চেয়ে স্থানীয় সাংসদকে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।জানা যায়, গত সোমবার শিবচর প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক মেয়ের টিউশন ফি জমা দিতে বিদ্যালয়ে যান। ওই সময় বিদ্যালয়ে উপস্থিত উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার বিভিন্ন সংবাদ পরিবেশনের জের ধরে নাসিরুল হককে কটু কথা বলেন ও বকাঝকা করেন। একপর্যায়ে শিবচর ছেড়ে যাওয়ার হুমকি দেন। ওই ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয় সাংবাদিকেরা গতকাল দুপুরে উপজেলা পরিষদের বারান্দায় দাঁড়িয়ে কলমভাঙা কর্মসূচি পালন করেন এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জাতীয় সংসদের হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সাংসদ নূর-ই-আলম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন।