কলমই তার জয়ের অস্ত্র
দুই হাতে শক্তি নেই, আঙুলও অচল। নিজে খেতে পারে না, পোশাক পর্যন্ত পরিয়ে দিতে হয়। শৈশবে আর দশটা শিশুর মতোই বিদ্যালয়ে যাওয়ার বায়না ধরেছিল। মানা করতে না পেরে একদিন ওকে বিদ্যালয়ে ভর্তিও করিয়ে দেন বাবা-মা। সেই শুরু। আজ সেই সন্তান এসএসসি পরীক্ষা দিচ্ছে। তবে অন্য পরীক্ষার্থীরা যখন দ্রুত হাতে লিখছে, তখন সেই ছেলেটি মুখে কলম আঁকড়ে লিখছে পরীক্ষার খাতায়। সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গত মঙ্গলবার গিয়ে এভাবেই পরীক্ষা দিতে দেখা যায় অদম্য এই ছেলেটিকে। ওর নাম ফেরদৌস আলম (১৫)। ফেরদৌসের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরে। সাহাবুদ্দিন-ফিরোজা দম্পতির চার সন্তানের মধ্যে বড় সে। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস সহকারী। ছেলেটি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে উপজেলার কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চবিদ্যালয় থেকে। ফিরোজের মা জানান, ‘ওর দুই হাতই অচল। শুধু ডান হাতের বুড়ো আঙুলে একটু শক্তি আছে। তাই হাত দিয়ে ও খেতে পর্যন্ত পারে না। ওর সব কাজ অন্য কাউকে করে দিতে হয়।’ গত মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে হুজুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে গিয়ে দেখা যায়, মুখে কলমের গোড়া কামড়ে ধরে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে লিখছে ফিরোজ। কলমটি যাতে ফসকে না যায়, সে জন্য সামান্য শক্তি থাকা একমাত্র বুড়ো আঙুলটি দিয়ে ঠেলে ধরে আছে।পরীক্ষা শেষে ফিরোজ জানায়, ‘আমার তো বইয়ের পাতা পর্যন্ত উল্টাতে কষ্ট হয়। এর পরও শুধু মনের জোরে এ পর্যন্ত এসেছি।