কলমওয়ালা

আদালতপাড়ায় তাঁর কোনো দোকান নেই। তবু তিনি কলমের বড় দোকানদার। ঢাকার আদালতের অধিকাংশ কর্মকর্তা ও আইনজীবী তাঁর কাছ থেকেই কেনেন দরকারি কলম। এক দিন দুই দিন নয়, পঁচিশ বছর ধরে আদালতে কলম বিক্রি করে চলেছেন তিনি। লোকে তাঁকে ‘কলমওয়ালা’ ভাই বলেই ডাকেন। আসল নাম আবদুল কাদের। বয়স ৬৫ বছর। নবাবপুরের একটি মেসে থাকেন। স্ত্রী ও সন্তানেরা থাকে গ্রামের বাড়ি চাঁদপুরে।
কলমওয়ালা আবদুল কাদের বলেন, ‘কলম বিক্রি করে লাভ কম হলেও ব্যবসাটা বন্ধ করতে পারছি না। নিজে লেখাপড়া কম জানার কারণে মনের মধ্যে একধরনের বেদনা আছে। কলম বেচার সময় শিক্ষিত লোকের সঙ্গ পাই।’
যাঁরা নিয়মিত আদালতপাড়ায় যান, তাঁরা জানেন, দুই হাতে কলমদানি নিয়ে ঘুরে বেড়ান কাদের। জামার দুটি পকেটও কলমে ঠাসা। এর বাইরেও কাঁধে ঝোলানো কলমের ব্যাগ। প্রতিদিন সকাল নয়টায় আদালতে আসেন। বিকেল পাঁচটা পর্যন্ত কলম নিয়ে ঘুরে বেড়ান। সঙ্গে থাকে সব রকমের কলম। পাঁচ টাকা থেকে এক হাজার টাকা দামের পর্যন্ত। যেসব কলম বেশি চলে, সেগুলো থাকে কলমদানিতে। দামি কলমগুলো রাখেন বুকপকেটে।
কলম ব্যবসা শুরুর আগে ১৯৬৮ সালে কাইজার নামের একটি কলম ফ্যাক্টরিতে কাজ করতেন। কলম তৈরির কলাকৌশল তখন তিনি শিখেছেন। কলমওয়ালা ভাই বলেন, লাভ কম হলেও কলম বিক্রি করেই তিনি জীবন-জীবিকা চালাচ্ছেন। আদালতে কলম বিক্রির লাভের টাকায় সংসার চালান। আগে চলতে অসুবিধা ছিল না। এখন অনেক বেশি খরচ। তাই কলম বিক্রি করে এখন সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে। তাঁর দাবি, আগে কলম বিক্রি বেশি হতো। এখন বিক্রি কমে গেছে। তারপরও তিনি কলমের ব্যবসা ছাড়তে পারছেন না।