কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।
এ বিষয়ে ওই ব্যক্তিরা গত রোববার দুপুরে উপজেলা পরিষদের একটি কক্ষে সভা করেন। সভায় ফখরুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, স্থানীয় সাংসদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, নেত্রকোনা জেলা প্রশাসক এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের অভিযোগ, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ফখরুল ইসলামকে বারবার বলা সত্ত্বেও তিনি নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে পরিষদ চালাচ্ছিলেন। এ অবস্থায় সবাই এক হয়ে গত ১৮ ফেব্রুয়ারি সভা করে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন। রোববার দুপুরে জরুরি সভা করে তাঁরা সবার সই নেন।
ফখরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে পরিষদ চালানোর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমাকে ফাঁসাতে একটি মহল কাজ করছে। গত বছরের নভেম্বর মাসের ২১ তারিখে আমি দুর্গাপুর থেকে কলমাকান্দায় আসার পথে নাজিরপুর ইউপির চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে কিছু দুর্বৃত্ত সরকারের দেওয়া আমার গাড়ির ওপর হামলা করে। আমি দ্রুত বিচার আইনে মামলা করি। মামলাটি তুলে নেওয়ার জন্য তিনি সব চেয়ারম্যানকে নিয়ে এই কাজ করেছেন।’
এ বিষয়ে নাজিরপুর ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘আমার বিরুদ্ধে চেয়ারম্যানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি সব সময় একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতা করে থাকেন। তাই আমরা সবাই মিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছি।’
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান গতকাল সোমবার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে আমার কাছে এখনো কোনো কাগজ আসেনি।’