কলমাকান্দা ও খালিয়াজুরিতে পানিবন্দী এক লাখ মানুষ

নেত্রকোনার কলমাকান্দা ও খালিয়াজুরিতে বন্যার পানি বেড়েই চলছে। পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উব্দাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার অন্তত ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমা ৬ দশমিক ৫৫ মিটার। আর ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে ১৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমা ৫ দশমিক ৬১ মিটার।
গত মঙ্গলবার সকাল থেকে আজ বিকেল পর্যন্ত জেলার কলমাকান্দা, খালিয়াজুরি, দুর্গাপুর, বারহাট্টা, মদন ও মোহনগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে কলমাকান্দা ও খালিয়াজুরিতেই এক লাখ মানুষ। এই দুই উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঁচ শতাধিক মানুষ ইতিমধ্যে ঠাঁই নিয়েছে।
এক সপ্তাহ আগেও দ্বিতীয়বার বন্যার পানিতে জেলায় অন্তত ৯৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল।
স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে মঙ্গলবার থেকে পানি বেড়ে জেলার ১০ উপজেলার মধ্যে ৭টিতেই নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এর মধ্যে বেশি পানিবন্দী হয়েছে কলমাকান্দা ও খালিয়াজুরির মানুষ। কলমাকান্দার আটটি ইউনিয়নের প্রায় ২১৫ গ্রামের ৬০ হাজার মানুষ এবং খালিয়াজুরির ছয়টি ইউনিয়নের ৪০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। পানিতে বীজতলা, রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত তলিয়ে গেছে। গবাদিপশু নিয়ে মানুষ বিপদে পড়েছে।
কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা ডুবে যাওয়ায় কলমাকান্দা উপজেলার সঙ্গে জেলাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার কারণে খালিয়াজুরি কলেজ, সিদ্দিকুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়, পাইলট উচ্চবিদ্যালয়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগর মেন্দিপুর, পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১২টি আশ্রয়কেন্দ্রের ১১০টি পরিবার আশ্রয় নিয়েছে। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়েও বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে।
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ এম আরিফুল ইসলাম বলেন, ধনু নদের পানি বৃদ্ধি পেয়ে খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ১৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি সকাল থেকে নগর ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা বলেন, কলমাকান্দায় তৃতীয়বারের মতো বন্যায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নতুন করে খালিয়াজুরিতে ৫০ মেট্রিক টন ও কলমাকান্দায় ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।