কলমাকান্দা ও দুর্গাপুরে চিকিৎসাসেবা বেহাল
পর্যাপ্ত চিকিৎসকের অভাবে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অব্যবস্থাপনার কারণে ৫০ শয্যার এ দুটি হাসপাতালে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। অস্ত্রোপচারের সরঞ্জাম থাকলেও দীর্ঘদিন ধরে হাসপাতাল দুটিতে বড় ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।গত রোববার এ দুটি ৫০ শয্যার হাসপাতাল ঘুরে জানা গেছে, কলমাকান্দায় চিকিৎসকের ২৯টি পদের মধ্যে কর্মরত আছেন চারজন। সেবিকার ১৬টি পদের মধ্যে ১২ জন নেই। এক্স-রে, ইসিজির যন্ত্র, অ্যাম্বুলেন্স ও জেনারেটর দীর্ঘদিন ধরে নষ্ট। অবেদনবিদ না থাকায় দুই বছর ধরে এখানে সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ রয়েছে। প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী এখানে চিকিৎসা নেয়। কলমাকান্দা উপজেলার ফাতেমা বেগম (৪৫) জানান, সব ওষুধই বাইরে থেকে কিনে এনেছেন। রমজান আলী (৫০) বলেন, ‘১৬ দিন ধরে এখানে ভর্তি হইছি। কোনো ওষুধ দেয় না।’ কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল মামুন বলেন, এখানকার বিভিন্ন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে ওষুধপত্র যা আসে তা সব বিতরণ করা হয়। ওষুধ না পাওয়ার অভিযোগ ঠিক নয়।দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৮টি পদের বিপরীতে কর্মরত আছেন তিনজন, সেবিকার ১৬টি পদের মধ্যে আছেন নয়জন। ২০০৯ সাল থেকে এখানে বড় ধরনের অস্ত্রোপচার বন্ধ। এক্স-রে যন্ত্র ও দুটি অ্যাম্বুলেন্স বিকল। অবেদনবিদ না থাকায় সিজারিয়ান অস্ত্রোপচার হচ্ছে না।হাসপাতালের অনেক সরঞ্জামে মরিচা ধরেছে। ভবনের দোতলার ওয়ার্ডগুলোতে অবাধে কুকুর-বিড়াল বিচরণ করতে দেখা গেছে। তিন বছর আগে নির্মিত ভবনের দেয়ালে ফাটল ধরেছে; পলেস্তারা ওঠে যাচ্ছে। হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগী ওষুধ না পাওয়ার অভিযোগ করেছে। দুর্গাপুরের ভর্তি রোগী চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের নূর মোহামঞ্চদ (৬০), মাকরাইল গ্রামের শামসুদ্দিন (৫৩) জানান, তাঁদের সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়েছে।নেত্রকোনায় দি এশিয়া ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি ‘দেশ’ প্রকল্পের আওতায় জেলায় শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। সংস্থার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসকের স্বল্পতার কারণে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি।সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমদ বলেন, জনবলসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিকিৎসকসংকটের কারণে দুটি হাসপাতালেই অস্ত্রোপচার বন্ধ। ওষুধ না পাওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ আছে। দু-একটি ওষুধ বাইরে থেকে কিনলে অনেক সময় রোগীরা একটু বাড়িয়ে বলে।