কলমাকান্দায় ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার উত্তর রাণীগাঁও গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

মারা যাওয়া ওই নারীর নাম মমতাজ বেগম (৪০)। তিনি ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী। বাড়ির সামনের একটি ডোবায় তাঁর মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ বেগম আজ ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা একটার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তাঁর ভাসমান লাশ দেখতে পায়। বেলা তিনটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, মমতাজ বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।