কলমাকান্দায় নৌকাডুবি আরও একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহেশখোলা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ গত রোববার উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. আবদুল (৭০)। তিনি একই দুর্ঘটনায় নিহত সাজেদা আক্তারের স্বামী। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার কার্তিকপুরে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন কলমাকান্দা উপজেলার কৃষ্টপুর এলাকায় মো. আবদুলের লাশ দেখতে পায়। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, আবদুলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে নৌকাডুবিতে নিহত প্রতিটি পরিবারকে স্থানীয় উপজেলা প্রশাসন পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে।গত শুক্রবার সকালে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রামনাথপুর নয়াচৈতা এলাকায় মহেষখোলা নদীতে যাত্রীবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে যায়। এ ঘটনায় ওই দিন এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়।