কলমাকান্দায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গতকাল শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলামের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্বের জের ধরেই এ বর্জনের ঘটনা ঘটেছে। ফকরুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা।
উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসন সূত্রে জানা গেছে, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলামের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও আটটি ইউপির চেয়ারম্যানরা ৬ মার্চ একযোগে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন এবং তা মন্ত্রণালয়ে পাঠান। গতকাল সকাল পৌনে আটটার দিকে উপজেলা চেয়ারম্যান স্থানীয় খেলার মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিলে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান উপস্থিত থাকবেন না—এমন শর্তে শুধু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানটি যথারীতি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এবং আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা চেয়ারম্যান এ সংবর্ধনা সভায় যোগ দেননি।
ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবাইকে নিয়ে চলে যান। তিনি ফোন করে অনেককে আসতে নিষেধ করেন। তারপর পার্টি অফিসে মাইকে আমার নামে অশ্রাব্য গালিগালাজ করেন। এটি তো আমার কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয়। স্বাধীনতা ও জাতীয় দিবসের এ রকম করা তাঁদের ঠিক হয়নি।’
মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন বলেন, ফকরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের সব সময় অবমূল্যায়ন ও কটাক্ষ করেন। এ কারণে তাঁর উপস্থিতিতে কোনো অনুষ্ঠানে তাঁরা যোগ দেননি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর প্রতি সাধারণ জনগণের কোনো আস্থা নেই। তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা তাঁর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এ কারণেই তাঁর উপস্থিতি দেখতে পেয়ে তাঁরা অনুষ্ঠান বর্জন করেছেন।