কলম-ক্যামেরা রেখে সড়ক অবরোধ ও মানববন্ধন

গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। মানববন্ধন শেষে তাঁরা কলম ও ক্যামেরা রেখে এবং সড়কে শুয়ে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করেন।
দৈনিক জনতার জেলা প্রতিনিধি মিলন খন্দকারকে গত বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি নুর এ হাবিব ও তাঁর লোকজন মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা গতকাল ওই সব কর্মসূচি পালন করেন। এ ঘটনায় মিলন বাদী হয়ে নুর এ হাবিবসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচ-সাতজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
মানববন্ধন ও সড়ক অবরোধের সময় গতকাল সাংবাদিকেরা ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। পরে সাংবাদিকদের বেধে দেওয়া সময়ের মধ্যে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর, গাইবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেজাউন্নবী, দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাংবাদিক গোবিন্দলাল দাশ, সৈয়দ নুরুল আলম, অমিতাভ দাশ, সরকার শহীদুজ্জামান, শাহাবুল শাহীন, আতিক বাবু, জিল্লুর রহমান, আফতাব হোসেন, এ বি এম ছাত্তার, জাভেদ হোসেন, রিকতু প্রসাদ প্রমুখ। বক্তারা সাংবাদিক মিলনকে মারধরের ঘটনার প্রধান আসামি নুর এ হাবিবসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নুর এ হাবিব মুঠোফোনে বলেন, ‘অভিযোগ সঠিক নয়। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’