চট্টগ্রাম নগরের জয়নগর এলাকার একটি বাসায় তিন বোনের এসিডদগ্ধ হওয়ার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় গত শনিবার রাতে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ মুঠোফোনের কললিস্ট, বড় বোনের বিয়েসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। তবে এসিডদগ্ধদের পরিবারের সন্দেহ, স্বজনদের কেউ বা তাঁদের প্ররোচনায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।গত শনিবার ভোরে জয়নগরে চারতলার বাসায় ঘুমের মধ্যে আপন দুই বোন ও তাঁদের এক খালাতো বোন এসিডদগ্ধ হন। তাঁদের মধ্যে বড় বোনের ১০ অক্টোবর বিয়ের দিন ধার্য ছিল। জানা গেছে, পাঁচলাইশ থানায় এসিড আইনে মামলাটি করেন এসিডদগ্ধ দুই বোনের বাবা। মামলায় কাউকে আসামি করা হয়নি। তবে মামলায় কিছু আত্মীয়-স্বজনের দিকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, আত্মীয়-স্বজন বা তাঁদের ইন্ধনে অন্য কেউ অথবা অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ এ ঘটনায় তাঁদের এক আত্মীয়কে সন্দেহ করছে।পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘তিন বোনের এসিডদগ্ধ হওয়ার ঘটনা রহস্যজনক। চারতলার ওপর বাইরে থেকে এসিড নিক্ষেপের কোনো সুযোগ নেই। তাই আমরা মোবাইল ফোনের কললিস্টসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি।’ পুলিশ সূত্র জানায়, বিয়েতে মেয়েটি রাজি ছিল কি না, আগে তাঁর কোনো প্রেম ছিল কি না, ঘটনার আগের রাতে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা হয়েছে কি না ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া পুলিশ ঘটনার সময় বাসায় থাকা দুই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলবে। খালাতো বোনসহ আহত দুই বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক আইয়ুব আলী জানান, ‘তাঁদের ক্ষত ৭ থেকে ১০ শতাংশের মধ্যে। এখন কী পরিমাণ গভীর, তার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। তবে এখন নিয়মিত পরিচর্যা চলছে।’