কললিস্ট ধরে এগোনোর চেষ্টা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনেও খোঁজ মেলেনি ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে গভীর রাতে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া তিন সহোদরের। পুলিশের পাশাপাশি পরিবারের লোকজনও সব ধরনের তৎপরতা চালাচ্ছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও গতকাল শনিবার পর্যন্ত তাঁদের কোনো হদিস মেলেনি।
পুলিশ বলছে, রহস্যের কিনারা করতে তারা প্রথমে তিন সহোদরের মধ্যে বড় ভাইয়ের মুঠোফোনের কললিস্ট পাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তাঁর কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। আর পরিবার বলছে, তিন দিনেও খোঁজ না মেলায় তারা হতাশ। এখন ভরসা ‘সৃষ্টিকর্তা’র ওপর।
উপজেলার ভায়াবহ গ্রাম থেকে গত বুধবার গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয় গ্রামের আসাদ উল্লাহর তিন ছেলে আবু হানিফ (২৩), নাজমুল হক (১৮) ও ছানোয়ার হোসেনকে (১৪)। কালো কাপড় পরা একদল লোক র‌্যাব পরিচয়ে তিনজনকে চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে যায়। এ বিষয়ে বৃহস্পতিবার তাঁদের ভগ্নিপতি আজিজুল হক ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তের অগ্রগতি জানতে চাইলে গতকাল বিকেলে ভালুকা থানা পুলিশ জানায়, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে আবু হানিফের মুঠোফোনের কললিস্ট হাতে পাওয়ার চেষ্টা করছে। এ জন্য সংশ্লিষ্ট মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাহায্য চাওয়া হয়েছে।
পুলিশ জানায়, পরিবারের বিবরণ অনুয়ায়ী ঘটনাটি র‌্যাবের অভিযান মনে হওয়ায় পুলিশ ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তারা এ ধরনের কোনো অভিযান চালায়নি বলে জানিয়েছে। ঘটনাটি পূর্বশত্রুতামূলক কোনো ঘটনার জের কি না, তাও জানার চেষ্টা চলছে। এ লক্ষ্যে হানিফের কর্মস্থল গাজীপুরের শ্রীপুর উপজেলার পোশাক কারখানা, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে তিনি গাজীপুরের যে কোচিং সেন্টারে গিয়েছেন সেখানে এবং তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে যোগাযোগ করা হচ্ছে।
মুক্তিপণের জন্য তিন সহোদরকে অপহরণ করা হয়েছে, এমন কোনো ইঙ্গিতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। কেননা, ঘটনার তিন দিন পার হলেও এখনো কেউ মুঠোফোনে বা অন্য কোনোভাবে মুক্তিপণ দাবি করেনি।
পরিবার জানায়, ছেলেদের সন্ধান না পেয়ে মা মজিদা খাতুন শোকে স্তব্ধ হয়ে গেছেন। একটু পরপরই মূর্ছা যাচ্ছেন। বাবা আসাদ উল্লাহ একজন পীরের ভক্ত। গতকাল তিনি পীরের কাছে গিয়ে ছেলেদের খুঁজে পেতে দোয়া প্রার্থনা করে এসেছেন।
তিন সহোদরের খালাতো ভাই সালাউদ্দিন জাহাঙ্গীর ঘটনার পর থেকেই ওই বাড়িতে আছেন। তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবেও র‌্যাবের বিভিন্ন কার্যালয়ে যোগাযোগ করেছি। কেউ তাদের সন্ধান দিতে পারেনি।’
জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি জেনেছেন। আমরা সম্ভাব্য সব উপায়ে রহস্যের জট খোলার চেষ্টা করছি।’