কলসি নিয়ে টানাটানি শেষে লটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কলসের দাবিদার চার নারী। এই কলস নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় টানাহেঁচড়া। কলস নিয়ে কেউ কারও সঙ্গে আপস করতে রাজি নন। একটি কলস চারজনেরই চাই। কে নেবেন কলস, তা সমঝোতার দায়িত্ব তাঁদের কাঁধেই দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেউই সমঝোতায় পৌঁছাতে পারেননি। অগত্যা চারজনের মধ্যে লটারির সিদ্ধান্ত হয়। লটারিতে একজন নারী সেই কলস প্রতীক পান। তাঁর নাম মারুফা আকতার। তিনি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী। গতকাল সোমবার ছিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে চারজন প্রার্থী তাঁদের মনোনয়নে কলস প্রতীকের কথা উল্লেখ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, কাউন্সিলর পদপ্রার্থী মোছাম্মত মারুফা আকতার, মেরিনা খাতুন, সাবিনা ইয়াসমীন ও সুলতানা রাজিয়া কলস প্রতীক চান। একটি প্রতীক চারজনকে দেওয়া সম্ভব নয়। তাই এই চার প্রার্থীকে নিজেদের মধ্যে সমঝোতার সুযোগ দেওয়া হয়। তাঁরা ফিরে এসে রিটার্নিং কর্মকর্তাকে জানান, চারজনই কলস প্রতীক চান। একটি কলস নিয়ে তাঁরা বেকাদায় পড়েন। অবশেষে প্রার্থীরাই নিজেদের মধ্যে লটারি করার সিদ্ধান্ত নেন। লটারিতে কলস প্রতীক পান মারুফা আকতার। অন্য তিন প্রার্থী লটারিতে ওঠা ভিন্ন ভিন্ন প্রতীক পান।লটারিতে কলস প্রতীক পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মারুফা আকতার। তিনি আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের স্ত্রী। মারুফা আকতার বলেন, ‘ভোটের আগেই আমার জয় হয়েছে। লটারিতে কলস প্রতীক পেয়ে আমার ভালো লাগছে। কলস প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলাম।’ কলস প্রতীক না পাওয়া কাউন্সিলর পদপ্রার্থী সুলতানা রাজিয়া বলেন, ‘লটারিতে যা পেয়েছি, তা-ই আমার ভালো। আমি ছাড় দিতে চাইলেও অন্যরা ছাড়তে রাজি হননি।’ রিটার্নিং কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী জানান, মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।