কলসিন্দুর এবারও জেলায় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গতকাল মঙ্গলবার ফাইনাল খেলায় কলসিন্দুরের মেয়েরা ২-০ গোলে নান্দাইল উপজেলাকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে কলসিন্দুর মোট পাঁচটি ম্যাচ খেলে গোল দিয়েছে ৩১টি। তবে একটি গোলও খায়নি।

টুর্নামেন্টের আয়োজক কমিটি ও কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এই টুর্নামেন্টে প্রতিবারই জেলায় চ্যাম্পিয়ন হয়েছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১১ ও ২০১২ সালে আঞ্চলিক পর্বে হেরে যায়। পরে ২০১৩ ও ২০১৪ সালে টানা দুইবার কলসিন্দুরের মেয়েরা এ টুর্নামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়।

কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ২০১১ সাল থেকে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে আসছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন। খেলার মাঠে উপস্থিত থেকে দলকে অনুপ্রেরণা দেন প্রধান শিক্ষক মিনতী রানী।