ময়মনসিংহের কলসিন্দুরের ৯ কৃতী মেয়ে ফুটবলারকে শিক্ষকের জুতাপেটার হুমকি ও এক মেয়ের বাবাকে মারধরের ঘটনায় ময়মনসিংহসহ দেশের কয়েকটি জেলায় মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও বিভিন্ন আড্ডায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা দলের এই সদস্যদের দায়িত্বহীনভাবে বাড়ি পাঠানো ও পরের দিন অপমান করার প্রতিবাদে ময়মনসিংহে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগের’ ব্যানারে মানববন্ধন হয়। গতকাল শুক্রবার বিকেলে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যে মেয়েরা দেশের জন্য গৌরব বয়ে আনল, তাদের ন্যূনতম নিরাপত্তা ছাড়া বাড়ি পাঠানো কর্তৃপক্ষের অবহেলার শামিল। আবার, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চার শিক্ষক জুবেদ আলী তালুকদারের জুতাপেটা করে মেয়েদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি ও এর প্রতিবাদ করায় দলের সদস্য তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধর শিক্ষকসুলভ আচরণ নয়। তাই শুধু তাঁকে সাময়িক বরখাস্ত করা ওই ঘটনার সমাধান নয়। মানববন্ধনে আইনজীবী নজরুল ইসলাম, সাংবাদিক মতিউল আলম, কবি ইয়াজদানী কোরায়শী প্রমুখ বক্তব্য দেন।
শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে গতকাল দুপুরে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে ‘জনউদ্যোগেরই’ শেরপুর জেলা শাখা। এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ, মহিলা পরিষদের নেত্রী আঞ্জুমান আরা, উদীচীর নেতা আবু হান্নান প্রমুখ বক্তব্য দেন।
খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে বিকেলে মানববন্ধন করে সংগঠনটির খুলনা জেলা শাখা। এর আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তারা বলেন, কলসিন্দুরের মেয়েদের যেখানে প্রধানমন্ত্রীসহ সারা দেশের মানুষ অভিনন্দন জানিয়েছেন; সেখানে নিজ এলাকাতেই লাঞ্ছনার শিকার হয়েছেন ওই মেয়েরা। তাঁদের অভিভাবকদের সঙ্গে অসদাচরণ করে শিক্ষক জুবেদ আলী অমার্জনীয় অপরাধ করেছেন। এ ছাড়া ঢাকা থেকে লোকাল বাসে ওই মেয়েদের বাড়ি পাঠিয়ে বাফুফে শুধু খেলোয়াড়দেরই অসম্মান করেনি, অসম্মান করেছে দেশের সব মানুষকে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন: শেরপুর প্রতিনিধি, ময়মনসিংহ ও খুলনা অফিস}