কলসিন্দুরের অদম্য মেয়েদের বাড়িতে বিদ্যুৎ যাচ্ছে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মেয়ে ফুটবলারদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গত সোমবার ১৯ জন মেয়ের বাড়িতে জরিপকাজ চালিয়েছে বোর্ডের প্রতিনিধিদল।
এ বছরের এপ্রিলে নেপালের এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ১৮ সদস্যের বাংলাদেশ দলে একসঙ্গে খেলার সুযোগ পায় কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১০ মেয়ে। ফুটবল খেলে কৃতিত্ব দেখানো ওই সব মেয়ের বাড়িতে ছিল না বিদ্যুৎ-সংযোগ। গত ২২ আগস্ট ‘ফুটবল রাঙাচ্ছে কলসিন্দুরের মেয়েরা’ শিরোনামে প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর পক্ষ থেকে ফুটবলার মেয়েদের নিয়ে অদম্য মেয়েরা শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়। গত শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলো আয়োজিত প্রীতিসম্মিলনীতে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। পরদিন শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে মেয়েদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ফেসবুক স্ট্যাটাসটি প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সঙ্গে ‘শেয়ার’ করলে ওই দিনই প্রথম আলোর অনলাইন সংস্করণে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সূত্রে জানা যায়, সোমবার সকালে সমিতির নির্বাহী প্রকৌশলী হিন্দোল দাসসহ একটি প্রতিনিধিদল অদম্য মেয়েদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করতে কলসিন্দুর যায়। এ সময় প্রতিনিধিদলটি মেয়েদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য কতটি খুঁটি ও কী পরিমাণ বিদ্যুতের তার লাগতে পারে, তা অনুমান করে।
পল্লী বিদ্যুতের ধোবাউড়া উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন ইসলামের নির্দেশে তাঁরা মেয়েদের প্রত্যেকের বাড়িতে যান। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক রেজা উল্লাহ খান বলেন, দ্রুতই মেয়েদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ দেওয়া হবে।
সোমবার সন্ধ্যায় কয়েকজন ফুটবলার মেয়ের সঙ্গে কথা হয়। তারা এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা বলে, ‘বিদ্যুৎ আসলে আমরা দেশ-বিদেশের নামী খেলোয়াড়দের খেলা দেখে অনেক কিছু শিখতে পারব।’